দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মোবাইলে ওটিপি ও ভুয়া এসএমএস পাঠিয়ে টাকা হাতিয়ে নেওয়া আন্তঃজেলা প্রতারক চক্রের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা জেলার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে লালমনিরহাট জেলা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— মাগুরার শ্রীপুর থানার হোলডাঙ্গা এলাকার মো. রুবেল বিশ্বাস (২৮), চর মহেশপুর এলাকার ইউসুফ মোল্লা (৫০) ও তার ছেলে বিদেশ ফেরত যুবক মো. টিটু মোল্লা (৩০)।
পুলিশ জানায়, আদিতমারী থানার বাসিন্দা মো. আরিফুল ইসলামের বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে কৌশলে ওটিপি হাতিয়ে নিয়ে প্রায় ৮৫ হাজার টাকা আত্মসাৎ করে একটি চক্র। এ ঘটনায় গত বছরের ১৬ নভেম্বর আদিতমারী থানায় মামলা (নং-১৬) দায়ের করেন আরিফুল। মামলাটির তদন্তভার পায় জেলা ডিবি পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান শনাক্ত করে মাগুরায় অভিযান চালায় ডিবির একটি চৌকস টিম। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ৫টি সিম কার্ড ও প্রতারণার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রুবেল বিশ্বাস স্বীকার করেন, ফোনকলে ভয়ভীতি দেখিয়ে ওটিপি সংগ্রহ ও ভুয়া এসএমএস ফরোয়ার্ড করে টাকা হাতিয়ে নেওয়াই ছিল তাদের মূল কাজ। অন্যদিকে, টিটু মোল্লা বিদেশ থেকে ফিরে অধিক লাভের আশায় এই চক্রে জড়িয়ে পড়েন।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রতারণা করে আসছিল। তাদের আজ (মঙ্গলবার) আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
/অ